টাঙ্গাইল প্রতিনিধি:
৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তির দাবিতে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনটির জেলা সভাপতি ফাতেমা রহমান বীথি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সোহানূর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মূল অভিযুক্ত সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও কেন তদন্ত প্রতিবেদনের জন্য সাত দিনের সময় নেওয়া হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ধর্ষণের সকল অভিযোগ প্রমাণিত হওয়ার পরও সময়ক্ষেপণ কেন করা হচ্ছে, তা দেশের মানুষ জানতে চায়। অতীতে আইনি জটিলতা ও অধিকারের যুক্তি দেখিয়ে অনেক ধর্ষক জামিন পেয়েছে। তাই এ ঘটনায় যেন কোনো ধরনের টালবাহানা না হয়।”
তারা আরও বলেন, মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতারের পাশাপাশি তাকে সহায়তার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও দ্রুত আটক করেছে পুলিশ। এরপরও তদন্তে দীর্ঘসূত্রিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তারা।
বিবৃতিতে শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, “শুধু আইন ও সংবিধানের ব্যাখ্যা নয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।”
তারা দাবি জানান, রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। অন্যথায় সারা দেশে ছাত্র-জনতা আবারও আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বিবৃতির শেষাংশে নেতৃবৃন্দ রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তিন দিনের মধ্যে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।










